বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদদের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার রাতে নিম্নচাপে এবং পরবর্তীতে মঙ্গলবার গভীর নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বুধবার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে ৯৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯২০ কিলোমিটার, মোংলা থেকে ৭৫৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়ার এই সিস্টেমের প্রভাবে রাজশাহী ও রংপুর বিভাগেও এর কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।