অভিজ্ঞ ও তরুণদের নিয়ে আসছেন রশীদ

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, আসগর আফগানের মতো অভিজ্ঞ অনেককেই বাংলাদেশ সফরে পাশে পাচ্ছেন তরুণ অধিনায়ক রশীদ খান। পাশাপাশি তার টেস্ট ও টি-টোয়েন্টি দলে আছে বেশ কিছু নতুন মুখও। আর এদের নিয়ে বাংলাদেশ সফরের ভেতর দিয়েই তিন ফরম্যাটে রশীদ খানের অধিনায়কত্ব যুগ শুরু হচ্ছে।

এ সফরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের একটা সিরিজ খেলবে আফগানিস্তান। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই টেস্ট হবে আফগানিস্তানের ইতিহাসের তৃতীয় টেস্ট।

মোহাম্মদ শাহাজাদ সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন। ফলে তার টেস্ট দলে থাকার সুযোগ ছিল না। এ ছাড়াও আয়ারল্যান্ডকে গত মার্চে হারানো টেস্ট স্কোয়াড থেকে এ সফরের স্কোয়াডে জায়গা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির জামাল, বাহাতি স্পিনার শারাফউদ্দিন, পেসার ওয়াফাদার সালামখেইলের। টেস্ট দলে জায়গা পেয়েছেন শাপুর জাদরান ও আফসার জাজাই। শাপুর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টেস্ট দলে ছিলেন না। অন্যদিকে আফগানিস্তানের অভিষেক টেস্টে খেলা আফসার আবার ফিরেছেন টেস্ট দলে। এ ছাড়া টেস্ট দলে সুযোগ হয়েছে বাহাতি স্পিনার জহির খান ও মিডিয়াম পেসার আহামদ শিরজাদের। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইব্রাহিম জাদরান ও কায়েস আহমেদও আসছেন টেস্ট দলের হয়ে।

১৫ সদস্যের এ টেস্ট দলে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, আসগর আফগান। আসগর প্রথম দুই টেস্টে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন। এরপর অভিজ্ঞদের মধ্যে রহমত শাহ ও হাসমাতউল্লাহ শাহিদিও আছেন দলে।  সেপ্টেম্বরের ৫ থেকে ৯ তারিখ অনুষ্ঠিত হবে এ টেস্ট। এরপর জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে একটা ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে নিয়মিতদের পাশাপাশি অনভিষিক্ত তিন জন আছেন—বাহাতি ব্যাটসম্যান শাহিদউল্লাহ, পেস বোলিং অলরাউন্ডার ফজল নিয়াজাই এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহামানউল্লাহ গুরবাজ। 

আফগানিস্তান টেস্ট দল:

রশীদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমাতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখিল, জহির খান, জাভেদ আহমাদি, আহমাদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান, কায়েস আহমেদ।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল:

রশীদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হাজরাতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রাহমান, শারাফউদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শাহিদুল্লাহ, কারিম জানাত, গুলাবদিন নাইব, ফারিদ আহমাদ, শাফিকুল্লাহ, ফজল নিয়াজাই, দাওলাত জাদরান, নাবিন-উল-হক, রাহমানউল্লাহ গুরবাজ।