বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ - কোথায় যাবেন নেইমার? ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট যখন এমন একটি প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছিল তখন পরিস্থিতি আরো ঘোলাটে হলো। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো করেই নেইমারে আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। আর তাদের প্রস্তাবটাও পিএসজির জন্য বেশ আকর্ষণীয়।
পিএসজির ওপর থেকে মন উঠে গেছে নেইমারের। এই খবরটা পুরনো। ফরাসি ক্লাবটিও জোর করে নেইমারকে আটকাতে চায় না। তবে, একদিন আগেই তারা সাফ জানিয়ে দিয়েছে যে, তখনই নেইমারকে ছাড়া হবে যখন তার জায়গায় খেলার মত আদর্শ কোনো খেলোয়াড়কে পাওয়া যাবে।
কোচ থমাস টুখেল এক্ষেত্রে জুভেন্তাসের পাওলো দিবালার ব্যাপারে আগ্রহী। জুভেন্তাস পিএসজির এই আগ্রহের জায়গাটাকেই নিজেদের সুযোগ হিসেবে দেখছে। জুভেন্তাস জানিয়েছে, দিবালাকে পিএসজির জন্য ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। এর সাথে বাড়তি ৯৫ মিলিয়ন পাউন্ড দেবে তারা। বিনিময়ে পিএসজিকে শুধু দিতে হবে নেইমারকে। এমন চাঞ্চল্যকর খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস। পিএসজির সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন জুভেন্তাসের স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও প্যারাটিসি।
জুভেন্তাসের নতুন কোচ মাউরিজিও সারি এরই মধ্যে খেলোয়াড় কেনায় বিস্তর অর্থ খরচ করেছেন। নিয়েছেন ম্যাট্টিজ ডি লিট, দানিলো ও ক্রিশ্চিয়ান রোমেরোকে। তবে, তিনি ও ক্লাবটির ম্যানেজমেন্ট মনে করছে আক্রমণভাগে আরো একজন প্রভাব বিস্তারকারী কাউকে দরকার। এই অভাবটা তারা নেইমারকে দিয়ে পূরণ করতে চান।
আর নেইমার যদি তুরিনে চলেই আসেন, তাহলে ইউরোপিয়ান ফুটবলে তিনি প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে। এএস জানিয়েছে, জুভেন্তাসে নেইমারের পারিশ্রমিকটা পিএসজির সমপরিমাণই থাকবে। মানে বার্ষিক ৩৪ মিলিয়ন পাউন্ড। তবে, নেইমারকে নিলে আর্থিক স্বচ্ছলতা ও ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ আইনের কথা মাথায় রেখে দ্রুতই মারিও মানজুকিচ, গঞ্জালো হিগুয়েন ও ব্লেইজ মাতুইদিদের ছেড়ে দিতে হবে জুভেন্তাসকে।
দিবালা অবশ্য চলতি মাসের শুরুতেই জুভেন্তাস ছেড়ে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দু’টি দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার তার ব্যাপারে আগ্রহীও ছিল। কিন্তু, কারো সাথেই ব্যাটে বলে হয়নি এই আর্জেন্টাইনের।
এদিকে, বার্সেলোনাও নেইমারকে ফেরানোর ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখছে না। বিশেষ করে, নেইমারের ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন স্বয়ং লিওনেল মেসি। এর জন্য প্রয়োজনে তারা উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে জুভেন্তাসের কাছে বেঁচে দিতেও রাজি আছে। সর্বশেষ তারা নেইমারকে লোনে কাতালান ক্লাবটিতে আনার চেষ্টা করেছিল, কিন্তু পিএসজি সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এএস জানিয়েছে, লা লিগার জায়ান্ট ক্লাবটি এবার আনুষ্ঠানিক ভাবে পিএসজিকে প্রস্তাব দিয়ে দেখবে। সোমবার এই ব্যাপারটা নিয়ে নাকি ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউয়ের সাথে বৈঠক করেছেন সহ-সভাপতি অস্কার গ্রাউ, প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাভিয়ের বোর্ডাস, সিনিয়র দলের ডিরেক্টর এনরিক টসাম, ট্রেজারার এরিক আবিদাল, র্যামন প্লেনস ও টেকনিক্যাল সেক্রেটারিয়েট আন্দ্রে কারি।
অন্যদিকে নেইমারের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ক্লাব এখনো নেইমারের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কারণ ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো আরাউজো খুবই উচ্চাভিলাসী।