পগবার ব্যর্থতায় ম্যান ইউর হোঁচট

পল পগবার পেনাল্টি থেকে গোল করতে না পারার মাশুল দিল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাত্র দ্বিতীয় খেলাতেই উলভারহ্যাম্পটনের মাঠে ১-১ ড্রয়ে বাধ্য হলো দলটি। অ্যান্থনি মার্শালের গোলে ২৭ মিনিটে এগিয়ে গিয়েছিল কোচ গুনার সোলসারের দল। যদিও পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসের ৫৫তম মিনিটের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এরপরই ৬৭তম মিনিটে পগবার পেনাল্টি ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক। ফরাসি এই মিডফিল্ডারের শট জালে পাঠালে হয়তো জয় নিয়েই ফিরতে পারতো ইউনাইটেড যারা প্রথম খেলায় চেলসিকে ৪-০ গোলে হারিয়েছিল। পগবা অবশ্য এই ব্যর্থতার জন্য পরে বর্ণবাদী গালাগালের সম্মুখীন হন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন পগবার সতীর্থ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।