স্টামফোর্ড ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের জন্য ছয় দিনব্যাপী ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট (ফাউন্ডেশন) ট্রেনিং প্রোগ্রাম’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এবারের প্রশিক্ষণে এফটি-এন৯ ব্যাচের বিভিন্ন বিভাগের ২৭ জন নবনিযুক্ত শিক্ষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও আইকিউএসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিএসির সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাঠদান দক্ষতা, ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং মান নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মান নিশ্চয়তার বিষয়টি গ্রহণ করতে হবে।
তিনি শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের (বিএনকিউএফ) সঙ্গে পাঠ্যক্রমের সামঞ্জস্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নবনিযুক্ত শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। একাডেমিক সততা, গবেষণা, শিক্ষার্থীদের পরামর্শ ও সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাও একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানার পাশাপাশি একাডেমিক উৎকর্ষ ও ধারাবাহিক মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আইকিউএসির পরিচালক এম. আজিজুল হক প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরেন। তিনি জানান, ছয় দিনের এ প্রশিক্ষণে একাডেমিক নীতিমালা, আধুনিক পাঠদান ও শেখার পদ্ধতি, মূল্যায়ন কৌশল, গবেষণা নৈতিকতা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
ছয় দিনব্যাপী এ কর্মসূচিতে ইন্টারঅ্যাকটিভ সেশন, কর্মশালা ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সুব্রত চৌধুরী।