শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ রাব্বির ৫ দিন পর মৃত্যু 

ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে তানভীর আহমেদ রাব্বি (৩০)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার নরসিংদী মডেল থানার বৌয়াকুড় এলাকায় এমপি মাছ বাজার সংলগ্ন লাইসেন্সকৃত একটি দেশী মদের দোকানের ম্যানেজার তানভীর আহমেদ রাব্বির শরীরে পরিকল্পিতভাবে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রাব্বি মারাত্মকভাবে দগ্ধ হয়।

তাকে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ভর্তি করা হয়।

এ ঘটনায় রাব্বির মা মিনু বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিরালা হোটেলের মালিক জাহাঙ্গীর সরকার, তার ছেলে জাহিদ সরকার এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ নম্বর অভিযুক্ত জাহাঙ্গীর সরকার দোকানে গিয়ে ১০ লিটার মদ বিনামূল্যে দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক মদ ছিনিয়ে নেয় জাহাঙ্গীর। পরবর্তীতে একই দিন বিকেলে তার ছেলে জাহিদ সরকার সহযোগীদের নিয়ে দোকানে গিয়ে ভুক্তভোগীর শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় নরসিংদী মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান জানান, পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকারকে শহরের বানিয়াছল বালুর মাঠ এলাকার একটি মুরগীর ঘর থেকে গ্রেপ্তার করে। এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাহিদ সরকারের এক সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে শহরের গাবতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।