আউটসোর্সিং সেবায় বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ বেশকিছু ধারা সংশোধন করেছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত ধারা অনুযায়ী, নতুন করে আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া যাবে না। এ ক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির সেবা ক্রয় করতে পারবে। পাশাপাশি অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত কোনো বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা নেওয়া যাবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নতুন সেবা ক্রয়ের নেয়ার সুযোগ থাকছে না।

‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ এর সংশোধনীতে ‘সেবা সরবরাহকারী’র সংজ্ঞাও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সংজ্ঞা অনুযায়ী, আউটসোর্সিংয়ের জন্য নির্ধারিত সেবা সম্পাদনের উদ্দেশ্যে সেবা ক্রয়কারীর সঙ্গে চুক্তি সম্পাদনকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানকে সেবা সরবরাহকারী হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’ বলতে আউটসোর্সিং সেবা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত কমিটিকে বোঝানো হয়েছে।

এ ক্ষেত্রে সেবাকর্মীদের ছুটি, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও অন্যান্য বিষয় সেবা ক্রয়কারী এবং সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। পাশাপাশি সেবাকর্মীদের ভোটার, নিয়োগ, পদোন্নতি, নিরাপত্তা, কল্যাণ ও ব্যবস্থাপনা প্রশাসনিক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পাদন করবে।

এদিকে সংশোধিত বিধানে সেবাকর্মী পরিবর্তনের বিষয়েও নিয়ন্ত্রণ আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়। সেবা ক্রয়কারীর অনুমোদন ছাড়া সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনো সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না। তবে কার্যে অবহেলা, অসদাচরণসহ সুনির্দিষ্ট কারণে কোনো সেবাকর্মী পরিবর্তনের প্রয়োজন হলে ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’র সুপারিশের ভিত্তিতে তা করা যাবে। এ ছাড়াও সেবা ক্রয়কারী মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর যে নির্দিষ্ট সেবার জন্য চুক্তি করবে, সেই সেবা ছাড়া সেবাকর্মীকে অন্য কোনো কাজে নিয়োজিত করতে পারবে না।

অন্যদিকে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ এর আওতায় আউটসোর্সিং সেবার পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ব্যক্তিগত চ্যানেলে অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া চুক্তির শর্ত ভঙ্গের ক্ষেত্রেও ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে সেবা ক্রয়কারী প্রতিষ্ঠান সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি চুক্তির শর্ত ভঙ্গ করলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮ এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সংশোধিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।