পাকুন্দিয়ায় বাল্য বিয়ের দায়ে বরের জেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিয়ে করার অপরাধে রবিন মিয়া (২৫) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার দুপুরে ওই যুবককে দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। 

জানা যায়, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রবিন মিয়া। গত সোমবার দুপুরে মেয়ের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। এদিকে বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন খবরে ওই বাড়িতে হাজির হয় পুলিশ। পরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধ স্বীকার করে বর রবিন মিয়া। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান উপস্থিত লোকজনের সামনে বর রবিন মিয়াকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭এর ১০(২) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। 

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো.মাহমুদুল হাসান ও ভূমি অফিসের নাজির মো.শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে রবিন নামে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এমআই