অনূর্ধ্ব-২১ নারী হকি সিরিজ

বড়ো হারে শুরু বাংলাদেশের

মূলত আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র উইমেন্স এএইচএফ কাপের প্রস্তুতির লক্ষ্যেই ভারতের সাই অ্যাকাডেমির (স্পোর্টস অথরিটি ইন্ডিয়া) বিপক্ষে প্রীতি সিরিজের আয়োজন করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন; কিন্তু সাই অ্যাকাডেমির কাছে ৬-০ গোলে হারের কারণে শুরুটা ভালো হলো না বাংলাদেশের নারী হকি দলের।

বাংলাদেশের দলটির গোলরক্ষক স্বর্ণার কারণে গতকাল মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে কোনো গোল না হলে দ্বিতীয় কোয়ার্টার থেকে দৃশ্যপট পালটে যায়। ফলে শেষ তিন কোয়ার্টারে ছয় গোল হজম করতে হয়। জোড়া গোল করেন অতিথি ফরোয়ার্ড বিনম্রতা যাদব। 

সাই অ্যাকাডেমি এ সফরের আগেই কেনিয়া থেকে সিরিজ শেষ করে এসেছে। প্রায় তিন বছর ধরে একসঙ্গে খেলছে দলটি। অন্যদিকে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে গেল জুন থেকে। 

এমন এক প্রতিপক্ষের সঙ্গে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছিলেন এ দলটির উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল। দলটির কোচ হেদায়েতুল ইসলাম রাজিব জানিয়েছেন প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য বিচারে ভালোই খেলেছে তার দল। বিশেষত দুই গোলরক্ষক সুমি ও স্বর্ণা।