এনসিপি নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের চিৎহকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধর্মপাশা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহটি উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।