এশিয়ান গেমস 

১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে বিদায়, হতাশ ইমরানুর

চলমান এশিয়ান গেমসের ১০০ মিটারের রাউন্ড ১’এ সেরা ২৪’এর মধ্যে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেমিফাইনালে আর পেরে উঠেননি তিনি। ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে প্রথম হিটে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন ইমরানুর। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইমরানুর দৌড় শেষ করেছিলেন ১০.৪৯ সেকেন্ডে। সেই হিসেবে সেমিফাইনালে টাইমিংয়ের অল্প উন্নতি হয়েছে তার। কিন্তু তারপরও স্বাভাবিক ভাবেই দৌড় শেষে নিজের পারফরম্যান্স সম্পর্কে হতাশাই ব্যক্ত করেছেন ইমরান। এই দৌড়টিকে বছরের অন্যতম খারাপ পারফরম্যান্স হিসেবে উল্লেখ করেছেন তিনি।

খারাপ টাইমিংয়ের কারণ সম্পর্কে তিনি জানান যে, দুই বছরের ইনজুরি কাটিয়ে এটিই তার ফিরে আসার প্রথম বছর। ইমরানুর বলেন, ‘সব সময় তো আর মনের মতো হয় না। প্যারিসের পর দু’বছর ইনজুরিতে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। তাই আমাকে ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অবস্থা আরও খারাপ হয়নি। তবে আরও ভালো টাইমিং করার চেষ্টা করা উচিত ছিল।’

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার সেরা ছিল স্প্রিন্টে। এখন সেখান থেকেই দূরে, এশিয়ান পর্যায় থেকে আরও অনেক দূরে। ইংল্যান্ডে বেড়ে ওঠা ইমরান বাংলাদেশ ও এশিয়ার অবস্থানের পার্থক্য নিয়ে বলেন, ‘ওরা বলতে গেলে এশিয়ার সেরা। আমি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি, আর আজকের দিনে এটাই ছিল আমার সর্বোচ্চ চেষ্টা। আজ আমি এর চেয়ে ভালো দিতে পারতাম না, তবে তা যথেষ্ট ছিল না— আমি আমার আসল মান বা দক্ষতা দেখাতে পারিনি।’

ইমরান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মূলত আলোচনায় এসেছেন এশিয়ান ইনডোরে ৬০ মিটারে স্বর্ণ জিতে। আউটডোরে ইমরান কোনো পদক আনতে পারেননি। ইনডোর-আউটডোর নিয়ে তিনি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি সব সময় নিজের খেলায় উন্নতি করতে চাই। আমি জানি এশিয়ান ইনডোরে আমি একটি স্বর্ণপদক পেয়েছিলাম।’