মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বেমানান’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুত্ফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা এবং বর্তমানেও সাধারণভাবে প্রতিষ্ঠিত একটি ধারণা হচ্ছে যে, স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবে, বয়সের পার্থক্য ৪-৬ বছর হলে খুব ভালো। এই ধারাবাহিকের তিন জোড়া দম্পতি কেউই প্রতিষ্ঠিত এই ধারণাকে মেনে চলেননি। এক জোড়ার স্বামী স্ত্রীর চাইতে ২১ বছরের বড়, আরেক জোড়ার স্ত্রী স্বামীর চাইতে ৬ বছরের বড়, আরেক জোড়া একেবারে কাঁটায় কাঁটায় সমবয়সী।