তুর্কি গাড়িবহরের ওপর সিরিয়া সরকারের বিমান হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তুরস্ক। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখুন শহরের দিকে গাড়িবহরটির যাত্রা আটকাতে ঐ বিমান হামলা চালানো হয়। সোমবারের এ হামলায় আরো ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ায় কিছু বিদ্রোহীকে সমর্থন দিচ্ছে তুরস্ক।
গত বছর রাশিয়ার সঙ্গে এক চুক্তির আওতায় দেশটি সিরিয়ার ইদলিবে তাদের বাহিনী রেখেছে। সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু অঞ্চলের একটি হচ্ছে ইদলিব। তুরস্ককে সমর্থনকারী বিদ্রোহীদের সঙ্গে গত বছরের চুক্তির আওতায় একটি বাফার জোন গড়ে এলাকাটি সুরক্ষিত রাখা হয়েছে। ইদলিবের ভেতরে ও উপকণ্ঠে রয়েছে তুরস্কের ১২টি পর্যবেক্ষণ ফাঁড়ি। তুরস্ক এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়া সরকার এই বিমান হামলা চালিয়েছে এবং এ হামলা রাশিয়ার সঙ্গে চুক্তির লঙ্ঘন বলে তুরস্ক অভিযোগ করেছে।