৩ গোল হজম করে ডুলি বললেন, ‘আমরা এখানে শিখতে এসেছি’

ফিফা আসিয়ান কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও হতাশ নন বাংলাদেশ দলের কোচ থমাস ডুল। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ থমাস ডুলি বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য স্পষ্ট। আমরা ১৮০ র‌্যাংকিংয়ে আর তারা উপরে।’ বড় ব্যবধানে হারের পরও পুরো দলকে নিয়ে হতাশ নন ডুলি। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমি ম্যাচটি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা এখানে শিখতে এসেছি।’

ডুলি আরও বলেন, ‘আমাদের চেষ্টা ছিল ম্যাচটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখা এবং তাদের বেশি সুযোগ না দেওয়া। তারা কিছু সুযোগ তৈরি করেছে, কিন্তু তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের মান আপনি দেখতে পেয়েছেন। এটা সত্যিই ভিন্ন একটা স্তর।’

প্রায় তিন সপ্তাহ অনুশীলন করার পরও ফিটনেস নিয়ে দুর্বলতা স্বীকার করেছেন বাংলাদেশের কোচ। ডুলি বলেন, ‘শেষ দিকে দেখা গেছে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছে। তাদের পেশিতে টান ধরছিল এবং তারা আরও বেশি ভুল করছিল। আর ফুটবলে এটাই বাস্তবতা। আজকের ম্যাচে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা পরিষ্কার দেখা গেছে।’