এক মাস ধরে জব্দ ফোন, ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেওয়া হচ্ছে না রিজওয়ানকে 

মোহাম্মদ রিজওয়ানের ফোন জব্দ রয়েছে প্রায় এক মাস হতে চলেছে। এখনও ফোন ফেরত পাননি পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। শুধু তা-ই নয়, ঘরোয়া একটি টুর্নামেন্টেও রিজওয়ানকে খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে রিজওয়ানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (এনসিসিআইএ) এজেন্সি রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়াসংক্রান্ত তদন্ত করছে চলতি মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে। এরপর থেকেই পাকিস্তানের ক্রিকেটে রিজওয়ানের দরজা বন্ধ।

এ দিকে পিসিবির অবস্থানও স্পষ্ট নয়। তারা শুধু জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত চলছে। সম্প্রতি এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘এ ধরনের বিষয়গুলো বোর্ডের নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়। পিসিবির বিধিমালা অনুসরণ করেই প্রক্রিয়াটি চলছে এবং সংশ্লিষ্ট সবার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে।’

পিসিবির আইন বিভাগের সাবেক প্রধান তাফাজ্জুল রিজভি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ‘এ মুহূর্তে রিজওয়ানের কাছে শুধু একটি নোটিশ পাঠানো হয়েছে এবং তাকে একটি প্রশ্নমালার উত্তর দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু নোটিশ দেওয়া বা কোনো সংস্থার সামনে হাজির হতে বলা মানেই কারও বিরুদ্ধে অভিযোগ বা অপরাধ স্বীকার করে নেওয়া নয়। এর উদ্দেশ্য কেবল তথ্য সংগ্রহ করা। এ মুহূর্তে রিজওয়ানের বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্তে যাওয়া উচিত নয়, তার সুনাম বা সততা নিয়েও প্রশ্ন তোলা উচিত নয়।’

ক্রিকবাজ জানিয়েছে, রিজওয়ানকে এখন পর্যন্ত দুইবার মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি তিনি কোনো ব্যক্তি, পিসিবি, এফআইএ, এনসিসিআইএ কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করবেন না বলার পরও মিডিয়ায় কথা বলতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে তদন্তের এই প্রক্রিয়া সঠিক কি না, সেটা নিয়ে প্রশ্ন আছে রিজওয়ানের।

এদিকে রিজওয়ানকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রথম শ্রেণির টুর্নামেন্টেও খেলতে দেওয়া হয়নি। ইংল্যান্ড সফর থেকে ফিরে আসা বেশির ভাগ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রিজওয়ানকে নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক করা হলেও মাঠে নামার অনুমতি পাননি তিনি।