সড়ক তো নয় যেন জলাশয়!

পাবনার চাটমোহর পৌরসভার সকল সড়কই বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একইসাথে উপজেলার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য। চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি দেখলে যে কেউ মনে করবে এটা সড়ক নয়, যেন জলাশয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে চাটমোহর বাসস্ট্যান্ড হতে হাসপাতাল পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গা খানা-খন্দে ভরপুর। সৃষ্টি হয়েছে বড়ো বড়ো গর্তের। অনেক আগেই পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে সড়কে তৈরি হয়েছে এই জলাশয় সাদৃশ্য বড়ো বড়ো গর্তের।

গত কয়েকদিনের বৃষ্টিপাতে সে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। পানি জমে থাকার কারণে গর্তের গভীরতা বুঝতে পারছেন না যানবাহন চালকরা। ফলে মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পৌরবাসী বার বার সড়ক সংস্কারের দাবি জানালেও তা গ্রাহ্য করছে না পৌর কর্তৃপক্ষ। বরং বার বার পৌর মেয়র প্রতিশ্রুতিই দিয়ে চলেছেন। এই সংস্কার হচ্ছে, হবে। কিন্তু বাস্তবায়নের লক্ষণ নেই। চাটমোহর বাসস্ট্যান্ড হতে পুরাতন বাজার হয়ে হাসপাতাল সড়কটির যেন কোনো অভিভাবক নেই। পৌরসভা বলছে, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। তাই তাদের কিছু করার নেই। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সংস্কার হবে দ্রুতই। তাও হচ্ছে না। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাবাসী সংস্কারের দাবি জানিয়েও কোনো ফল পাচ্ছে না। কারণ এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই সংশ্লিষ্টদের।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের মধ্যে চাটমোহর পুরাতন বাজার থেকে উপজেলা পরিষদ এলাকা হয়ে নতুন বাজার হাই স্কুল মোড়, জিরো পয়েন্ট থেকে বোঁথর ব্রিজ, শাহী মসজিদ মোড় থেকে ভাদুনগর বাইপাস, সাহাপাড়া থেকে শাপলা ক্লাব হয়ে স্টার মোড়সহ বিভিন্ন মহল্লার অভ্যন্তরীণ সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানা-খন্দের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এ সড়কের পাশেই রয়েছে বেশ কয়েকটি স্কুল-কলেজ-মাদ্রাসা, ব্যাংক, থানা, পোস্ট অফিস, হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলোরও বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। দুই-একটি সড়কের সংস্কার কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। সওজের আওতাধীন রাস্তার মধ্যে বাসস্ট্যান্ড থেকে হরিপুর হয়ে সোন্দভা বাসস্ট্যান্ড, নতুন বাজার হতে পার্শ্বডাঙ্গা, চাটমোহর থেকে হান্ডিয়াল হয়ে মান্নাননগর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেছেন,  পৌরসভার মধ্যে কিছু রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি কমলে আবারও কাজ শুরু হবে।

সড়ক সংস্কারের ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেছেন, বেশকিছু রাস্তা প্রকল্পের মধ্যে আছে। কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এখন কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে ফের সংস্কার কাজ শুরু হবে।