এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তির বিচারে বেশ এগিয়ে টাইগাররা। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে আছে ৮ নম্বরে, মালোয়েশিয়ার অবস্থান ২৫ নম্বরে। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।
এশিয়ান গেমসের মতো ছোট সংস্করণের টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার সুযোগ নেই। বিশেষ করে কন্ডিশন ও মাঠের বাস্তবতা বিবেচনা করে প্রথম ম্যাচ নিয়েই বাড়তি সতর্ক বাংলাদেশ দল।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসলে আপসেট হতেই পারে। কারণ একই উইকেটে বারবার খেলা হয়। ফলে অনেক সময় টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি।’
তবে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সালাউদ্দিন বলেন, ‘পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে একটা মেডেল আমাদের জিততে হবে। ছেলেদের ওই মোটিভেশনটা আছে এবং আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই, আমরা ইনশাল্লাহ ভালো করবো।’