২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। ফাইনালেও ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হন কোহলি। সেই আউট নিয়ে কথা বলেছেন ভারতের এই মহাতারকা।
বিশ্বকাপ ফাইনালে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর লোকেশ রাহুলকে নিয়ে হাল ধরেন কোহলি। ৬৭ রানের জুটি গড়েন তারা। কোহলি ৬৩ বলে ৫৪ রান করে ফিরে যান। তারপর রাহুল সর্বোচ্চ ৬৬ রান করলেও বল নষ্ট করেছিলেন অনেক। মূলত কোহলিকে আউট করে ভারতকে নাড়িয়ে দেন কামিন্স।
২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগে পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি যেভাবে মনে গেঁথে ছিল, ঠিক একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথাও মনে রেখেছেন কোহলি।
জিও স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে আমার ২০১৬ সালের ফাইনালের (যেটিতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম) কথা মনে পড়ত। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমার একই অনুভূতি হয়।’
বড় ইনিংস খেলে ফাইনালে ভারতকে শক্ত অবস্থানে রাখতে চেয়েছিলেন কোহলি। তিনি বলেন, ‘আমি ৫৪ রানে খেলছিলাম এবং বড় একটি সেঞ্চুরি করার কথা ভাবছিলাম, যেন ১৪০-১৫০ রান করতে পারি। তাহলে আমরা ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকতাম। তখন ফাইনালে ৩০০-র বেশি সংগ্রহ পেতাম, আর আমাদের যে বোলিং, তাদের পরাস্ত করতে পারতাম। কিন্তু যখনই আমি প্যাট কামিন্সকে খেললাম, সেটি অনেক দিন ধরে মনে ছিল। আর এই ধরনের কিছু আপনি মনে করতেই থাকবেন।’