মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং এবং নিম্নমানের তেল ও মসলা দিয়ে রুহ আফজা, মডার্ণ ভেজিটেবিল ঘি, মটরশুটি এবং বিভিন্ন ধরনের ভেজাল মশলা তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কারখানার পণ্য জব্দ, ধ্বংস ও কারখানা মালিকের এক বছরের জেল এবং আবাসিক হোটেল মালিকের একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা শহরের দক্ষিণ বাজার এলাকায় হোটেল মোশাহিদে গত সোমবার রাতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক তল্লাশি চালান। এ সময় হোটের দ্বিতীয় তলার ২২২ নম্বর এবং তৃতীয় তলার ৩১৫ নম্বর কক্ষে বিভিন্ন পণ্যের উপস্থিতি দেখতে পান। ওসি হোটেল কক্ষে অবস্থানকারীর ওপর বিশেষ নজরদারি চালান। মঙ্গলবার সকালে পুনরায় ওই হোটেলে গিয়ে কক্ষ দুটিতে তল্লাশি করে দেখা যায়, কক্ষের শৌচাগারকে কারখানা বানিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছে। এসময় হোটেল কক্ষের ভাড়াটে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফুল ইসলামকে আটক এবং কক্ষ দুটি থেকে বিভিন্ন পণ্য জব্দ করে পুলিশ। প্রায় দেড় বছর ধরে আশরাফুল ইসলাম কক্ষ দুটি ভাড়া নিয়ে ভেজাল পণ্য উত্পাদন ও বাজারজাত করছিলেন। পরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হোটেল মোশাহিদের মালিক আবুল ফাত্তাহকে ১ লাখ টাকা জরিমানা করেন। অপরদিকে কক্ষের ভাড়াটে আশরাফুল ইসলামকে ভেজাল পণ্য তৈরি করায় ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে বড়লেখা শহরের বারইগ্রাম এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে অপরিচ্ছন্ন পরিবেশে ঘি ও তেল উত্পাদন করায় দীপক দত্ত নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।