২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এ সতর্কতা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা দিতে পারে না। আইনের ৪(২) ধারার এ বিধান লঙ্ঘন করলে ৩৭(১) ধারায় তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের চিহ্নিত অননুমোদিত প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদনহীন পেমেন্ট সেবা প্রদানকারীদের মাধ্যমে লেনদেন করলে আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকিতে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।