বিরামপুরের কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অবহেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে তদন্ত সম্পন্ন করেছে। এদিকে অভিযোগের ভিত্তিতে ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে।
অভিযোগে প্রকাশ, কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুল আজিম গত ৭ আগস্ট স্কুলে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য শিক্ষকদের ব্যবহূত মোটরসাইকেল চাইলে কোনো শিক্ষক সহায়তা করেননি। ফলে ভ্যানযোগে বিরামপুর হাসপাতালে নেওয়ার পরই ঐ ছাত্র মারা যায়। এ ঘটনায় ছাত্ররা লাশ নিয়ে স্কুলে ফিরে শিক্ষকদের ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে গঠিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সালে মো. মাহফুজুল আলম ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি ঐদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ ও তদন্ত কাজ সম্পন্ন করেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলম হোসেন জানান, ঘটনার প্রেক্ষিতে ছয় শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শিক্ষক বহিষ্কারের বিষয়ে কোনো চিঠি পাইনি।