না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বৃষ্টির কারণে সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল হয়েছে। ফলে র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
এর আগে প্রথম দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির জন্য অনুষ্ঠিত হয়নি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নেপাল ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটিও পণ্ড হয়েছে। মাঠের অবস্থা বেগতিক হওয়ায় বাংলাদেশের খেলার ঘণ্টা তিনেক আগেই বাতিল করা হয়েছে।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। ঐ ম্যাচ না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে বাংলাদেশকে।