হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশা আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় ডালিম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত আশা আক্তার পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
আটক ডালিম (২৪) পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার আজিমুদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আশা আক্তারের মা আঙ্গুরা খাতুন জানান, সোমবার বিকেলে আশা তার তিন বান্ধবীসহ স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তে যায়। পরে রাতে তিনি খবর পান তার মেয়ের লাশ হোসেনপুর হাসপাতালে পড়ে রয়েছে। তিনি হাসপাতালে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।
এদিকে ঘটনাটি হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার পাগলা থানা পুলিশকে জানানো হয়। রাত ১১টার দিকে পাগলা থানার এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আশা আক্তারের লাশ উদ্ধার করে।
এসআই হাফিজ উদ্দিন জানান, হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়, পাগলা থানার দত্তের বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঐ কিশোরীর মৃত্যু হয়েছে। এজন্য ঐ কিশোরীর লাশ এবং আটক যুবককে পাগলা থানার হেফাজতে নিয়েছি।