মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ গ্রামে সোমবার রাতে দুই শিশু ধর্ষণের শিকার হয়। দুই জনকেই সদর হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে।
পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ঐ দুই শিশু মাদারীপুর শহরে বেড়াতে আসে। সন্ধ্যার পর ইঞ্জিনচালিত নৌকায় করে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করে। নৌকা থেকে নেমে মধ্যেরচর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের একটি গরু খামারে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর তারা বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। মঙ্গলবার তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের আরএমও ডা. শশাংক চন্দ্র ঘোষ জানান, ধর্ষিত হওয়ার অভিযোগ নিয়ে দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা জানান, এই ঘটনায় সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা নামের দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।