ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নতুন রেকর্ড দরপতন

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান আবারও রেকর্ড সর্বনিম্নে নেমেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেহরানের খোলাবাজারে প্রথমবারের মতো এক ডলারের বিনিময় মূল্য ২৫ লাখ রিয়াল ছাড়িয়ে যায়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরানের অর্থনীতিতে চাপ বাড়তে থাকায় মুদ্রার এই পতন হয়েছে। মাত্র ২৭ দিন আগে গত ২ সেপ্টেম্বর এক ডলারের বিপরীতে রিয়ালের দর ২২ লাখে নেমে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড এখন ভেঙে নতুন নিম্নমুখী পর্যায়ে পৌঁছেছে।

যুদ্ধ শুরুর পর থেকেই রিয়ালের দর ক্রমাগত কমছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে খোলাবাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৭ লাখ রিয়াল পাওয়া যেত। কয়েক মাসের ব্যবধানে এই বড় ধরনের পতন ইরানের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব কতটা গভীর, তা স্পষ্ট করে দিচ্ছে।