যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলার পরও ইরানের অস্ত্রভান্ডারে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই হিসাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার দাবির সঙ্গে সাংঘর্ষিক।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা তেহরানের রয়েছে।
তবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে গোয়েন্দাদের এই মূল্যায়নে আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ, দেশটির কতগুলো ক্ষেপণাস্ত্র সরাসরি উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষতি হয়েছে। তারপরও আগে থেকে মজুত করে রাখা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়ানোর চেষ্টা করছে দেশটি। তবে যুদ্ধের আগের তুলনায় এই পুনর্গঠনের গতি ধীর।
ইরানের কাছে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে দেশটির সক্ষমতা বাড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের হিসাবেও ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও এ বিষয়ে বিভিন্ন দেশের মূল্যায়নে কিছুটা পার্থক্য আছে।
সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিনের মতে, গোয়েন্দাদের দেওয়া সর্বনিম্ন হিসাবটিও সঠিক হলে যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্রভান্ডারের অর্ধেকের বেশি সক্ষমতা ইরান পুনরুদ্ধার করেছে বলে ধারণা করা যায়।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডারব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে আপাতত ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
অন্যদিকে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছে। তবে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য চাপ দিচ্ছে।
