৭৯ ঘণ্টা পর নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল শুরু

নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে চলমান বিরোধের অবসান হয়েছে। এতে সব রুটে বাস চলাচল শুরুর পর স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে।

টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন জেলার বিভিন্ন রুটের যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করতে হয়েছে তাদের।

জানা গেছে, কয়েক দিন আগে বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সড়কে যানবাহন চলাচল ও যাত্রী পরিবহন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে টানা ৭৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকায় জেলার সঙ্গে বিভিন্ন উপজেলা ও আন্তঃউপজেলা সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে।

পরে পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল আবারও শুরু হয়।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু বকর সিদ্দিক নান্নু বলেন, পুলিশসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির সমাধান হয়েছে। ভবিষ্যতে নওগাঁর অভ্যন্তরে যাতে এই ধরণের সমস্যা আর না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি উভয়পক্ষকে সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পরিবহন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।