পণ্য না কিনে বাংলা কিউআরে শুধু অর্থ উত্তোলন করলে অ্যাকাউন্ট ব্লক: বাংলাদেশ ব্যাংক

পণ্য কেনাকাটা না করে কেবল নগদ অর্থ উত্তোলনের জন্য 'বাংলা কিউআর' ব্যবহার করা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো উদ্যোগ নয়, এটি মূলত সরকার ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তোলার একটি সার্বিক উদ্যোগ। প্রতিটি লেনদেনের সঠিক তথ্য ও স্বচ্ছতা বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। এছাড়া সেবা প্রদানে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান গড়িমসি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে না, তারা ভবিষ্যতে অস্তিত্বের সংকটে পড়বে বলে সতর্ক করেন তিনি।

বাংলা কিউআরের ব্যবহার ও প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ব্যাংক ও এমএফএস গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করছেন। গত জুনে দৈনিক গড়ে প্রায় এক লাখ বাংলা কিউআর পেমেন্ট হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দৈনিক গড়ে প্রায় সাড়ে তিন লাখ লেনদেনে উন্নীত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। মাত্র ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ এবং অর্থমূল্য প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।

বাংলা কিউআর লেনদেনের প্রচার ও প্রসার বাড়াতে সংবাদ সম্মেলনে বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। আগামী ১ অক্টোবর থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে, ফলে মার্চেন্টদের অর্থ প্রাপ্তিতে কোনো বিলম্ব হবে না। এছাড়া বাংলা কিউআর পেমেন্টের ক্ষেত্রে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর ১ শতাংশ সম্পূর্ণ রহিত করা হয়েছে এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের চার্জ শূন্য নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি প্ল্যাটফর্মের প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তিপর্যায়ের বা পিটুপি লেনদেন চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে কিংবা মোবাইল অ্যাপে কিউআরের ছবি আপলোড করে খুব সহজেই অর্থ স্থানান্তর করতে পারবেন।