মিয়ানমার সীমান্তের ওপারে বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন (৪০) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, পালংখালী সীমান্তের বিআরএম-১৯ নম্বর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ ঘটে। এতে হামিদ আহত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তিনি আরও জানান, বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।