কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে সংযত বক্তব্য দিতে আহ্বান ট্রাম্পের

জম্মু-কাশ্মীর নিয়ে বক্তব্যে সংযত হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ইমরান খানের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই আহ্বান জানান। এদিকে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান।

ইমরান খানের সঙ্গে কথা হওয়ার এক দিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জম্মু-কাশ্মীর নিয়ে টেলিফোনে আধা ঘণ্টা আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রেসিডেন্ট ট্রাম্পকে তখন নরেন্দ্র মোদি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু পাকিস্তান এটা নিয়ে রাজনীতি করছে। শুধু তা-ই নয়, ভারতবিরোধী কথাও বলছে তারা যা দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে সহায়ক নয়।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, মোদির সঙ্গে কথা হওয়ার পর ইমরান খানের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধে ফের অভিযোগ করার চেষ্টা করেন ইমরান খান। এ সময় ইমরান খানকে কাশ্মীর নিয়ে উত্তেজনা সৃষ্টি না করতে নমনীয় ভাষায় কথা বলার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দেশটির একটি চ্যানেলকে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কাশ্মীরের বিষয়টি নিয়ে ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে যাব।’ সমস্ত আইনি সম্ভাবনা খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মাসখানেক আগেই ‘গুপ্তচর’ সন্দেহে ধৃত কুলভূষণের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী।