আদালতের অভিমত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়ায় ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ বলেন, “মাননীয় আদালত ‘সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকেরা অস্তিত্বহীন’ বলে যে অভিমত ব্যক্ত করেছেন, তা সংবাদপত্রশিল্প ও সাংবাদিকতার মর্যাদাকে সুনিশ্চিত করেছে। ইতিহাসে আদালতের এই অভিমত স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” বিবৃতিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ ওয়েজবোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কমিটির সব সদস্য, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্যসচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব কামালউদ্দিন, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আইনি বাধা আর না থাকায় দ্রুত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। তারা বলেন, ওয়েজবোর্ড একটি আইন। গত প্রায় ৩০ বছর ধরে ওয়েজবোর্ডের বিধিবিধান অনুসরণ করেই সংবাদপত্রশিল্পের বিকাশ ঘটেছে। নেতৃবৃন্দ সরকারকে সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন পাশ করার জোর দাবি জানিয়ে বলেন, ঐ আইন পাশ হলে সংবাদপত্র, সংবাদ সংস্থা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, শ্রমিক-কর্মচারীদের জীবন-জীবিকা ও মর্যাদা নিশ্চিত হবে, পাশাপাশি মালিকপক্ষও লাভবান হবে। গণমাধ্যমে স্বস্তি ফিরে আসবে।