কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)সহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে। আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে সরকার সচেতনভাবে কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি পুঁজিবাজারকে রিটেইল বা খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়নের মাধ্যমে বাজারকে সম্পূর্ণ পেপারলেস করার ওপর গুরুত্ব দিয়েছেন।
আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বের হয়ে সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের আধুনিকায়নে প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সমপ্রতি নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের বড় ১৫টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার পরিবেশ তৈরি হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ‘হাই স্ট্রিট ব্যাংকস’ নির্ভরতা থেকে বের হয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের অভ্যস্ত করার আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আইসিবি তার অতীত অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে একটি আধুনিক, আন্তর্জাতিক মানের ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, যথাযথ বাজার বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ এবং উচ্চ সুদে অর্থ নিয়ে বিনিয়োগ আইসিবির বর্তমান সমস্যার অন্যতম কারণ। তাই পোর্টফোলিও পুনর্বিন্যাসের পাশাপাশি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এছাড়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।