দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো সাবেক ইউপি সদস্য শেখ মুজিবের মরদেহ

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষবার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গত ৩ দিনের যেকোনো সময় তিনি মারা গেছেন।

জানা গেছে, মৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান মারা গেছেন অনেক আগে। এক মেয়ে সে তার স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতি মো. সাইদুর রহমান ইমন তিনি থাকেন অনত্র্য। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। মরদেহ দেখে প্রাথমিক ধারণা করছেন তিনি আরও ২/৩ দিন আগে মারা গেছেন।