৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের হুক ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘণ্টা পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর হুক ছিঁড়ে ৯টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ ৭টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, ট্রেনটির মাঝামাঝি অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন কয়েক কিলোমিটার এগিয়ে যায়। পেছনে নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে। পরে বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে আনা হয়। এরপর বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে ইঞ্জিনের সংযোগ স্থাপনে মেরামত কাজ শুরু করা হয়।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সংযোগ হুক লাগানোর কাজ শেষ হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করে। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির আরও কিছু কারিগরি কাজ করার কথা জানান রেলওয়ে কর্মকর্তারা।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকে থাকায় ওই রুটে অন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জানা যায়, এসময় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগে পড়েন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীদের ভোগান্তি বেশি হয়। সংযোগ মেরামতের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।