খুলনার বটিয়াঘাটায় ভ্যান চালক রাশিদুল ইসলাম (১৭) নামের এক জনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আশপাশের এলাকা তল্লাশি করেও বিছিন্ন মাথাটি খুঁজে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নিজ গ্রাম কালিপদ মাস্টারের পুকুর পাড়ের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাশিদুল কয়রা উপজেলার জোড়সিং গ্রামের আব্দুল হালিম গাজীর ছেলে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, সোমবার রাশিদুল বাড়ি থেকে ইঞ্জিন ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিরপুর ইউনিয়নের নিজ গ্রামের কালিপদ মাস্টারের পুকুর পাড়ের বাগানের ভেতর থেকে মস্তকবিহীন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইঞ্জিনভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাশিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।