খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।