নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামে এক মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম উপচেলার চরবাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজানের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদের ভেতরে ঢুকে মোয়াজ্জিনের পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে মুসল্লি ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ‘আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’