গুরুদাসপুরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৯

নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, চাপিলা ইউনিয়ন বিএনপি'র কার্যালয়টি তার বাড়ির অদূরে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। 

তার ভাষ্যমতে, নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করে। সেসব নেতা কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন। 

স্থানীয়রা জানান, বিস্ফোরণের আওয়াজে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বেরিয়ে বিএনপি'র কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এতে মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

পাশাপাশি এসময় ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

 

 

 

 

ইত্তেফাক/এনটিএম