পিসিবি ছাড়পত্র না দেওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালো পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) দিতে অস্বীকৃতি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।

গত বছর এই প্রতিযোগিতাকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছিল পিসিবি। এই ইভেন্টে তাদের অংশগ্রহণও বরদাশত করা হবে না বলে সতর্ক করেছিল তারা। এই প্রতিযোগিতা খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে বলে অভিযোগ পিসিবির। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথা জানায় তারা।

গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবার অংশ নেওয়ার সুযোগ করে দিতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ এনওসি আদায়ের চেষ্টা করেছিল। তবে পিসিবি আগের অবস্থানেই অনড় থাকে। ফলে অচলাবস্থা কাটেনি।

পাকিস্তান চ্যাম্পিয়নস ক্রিকইনফোকে জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে পারছে না।’

গত ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ স্থগিত হয়। আয়োজকরা পিসিবির সঙ্গে সমঝোতা করতে চেয়েও পারেনি। এনওসি পাওয়ার আশা নিয়েই পাকিস্তানের ম্যাচের সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা করেছিল তারা। সোমবার অস্ট্রেলিয়া-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে দলটির বিবৃতির পর পরিষ্কার হলো, বিষয়টির সুরাহা হয়নি।