মিঠামইনে বল্লমের আঘাতে নিহত ১

হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে বল্লমবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার ভরা-নয়াহাটি গ্রামে। নিহত ব্যক্তি হলেন উক্ত গ্রামের মৃত কাছম আলীর ছেলে সাজাহান মিয়া।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, এলাকার একটি কাঁচা রাস্তা নিয়ে ঘাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর গ্রুপের সঙ্গে সাবেক ইউপি মেম্বার হাবীব সরকার গ্রুপের বিবাদ চলছিল। মঙ্গলবার বিকালে এই নিয়ে উভয় গ্রুপের কথা কাটাকাটি হলে সন্ধ্যায় সালিশ বসে। কিন্তু সালিশের সিদ্ধান্ত কোন পক্ষই মানেনি। বুধবার সকালে আইয়ুব আলীর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাবীবের ছোট ভাই সাজাহান মিয়ার ঘরে ঢুকে এবং বল্লম ছুঁড়ে মারলে বল্লমবিদ্ধ হয়ে সাজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান।

মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ গ্রেফতার হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি