বিরামপুরে নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম সিয়াম (১৪)। সে বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর সাহেবপাড়া মহল্লার সুমন হোসেনের পুত্র এবং বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, স্কুল ফাঁকি দিয়ে কয়েক সহপাঠী মিলে বুধবার বিরামপুর শাখা যমুনা নদীর কৃষ্টচাঁদপুর ঘাটে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা সিয়াম ডুবে যেতে থাকলে অন্য বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে সিয়াম নদীর পানিতে তলিয়ে যায়।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আইযুব আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যায়। বিরামপুরে কোন ডুবুরি না থাকায় রংপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত ঐ ছাত্রের কোন সন্ধান মেলেনি।
আরও পড়ুন: মিঠামইনে বল্লমের আঘাতে নিহত ১
বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন জানান, ছাত্র সিয়াম বুধবার স্কুলে আসেনি। তার পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষকসহ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ইত্তেফাক/নূহু