নওগাঁর সাপাহার উপজেলা ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে পুশইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।
এবিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই চার জনকে ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে। পুশইন চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।
তিনি বলেন, বর্তমানে ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সাথে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।