রংপুর

ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:২৮

রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ নামের এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বর্মন রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমে সোডাপীর গামী পাকা রাস্তার পাশে একটি ধানক্ষেতে বিপুল চন্দ্র বর্মনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিপুলের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশে বিপুলের চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নিতে চেষ্টা করার সময় ধস্তাধস্তি হওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুলের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ‘ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশে তার চার্জার ভ্যানও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/এমএসআর