কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়িয়ে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।
নিহত সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ওই এলাকার ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আজমল জানান, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বৌসহ ফুফির পরিবারের সবার সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন সীমা। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫জনের দল কক্সবাজারে পৌছান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। স্বজনদের সঙ্গে কথা বলে তার ব্যবস্থা নেওয়া হবে।