ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে অপেক্ষা করছিলেন মুয়াজ্জিন, হঠাৎ মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় মসজিদের ভেতরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রী নামের এক মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিকেলে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন ভোরেও তিনি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসেন। প্রথমে তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ডেকে তোলেন এবং নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য মসজিদের ভেতরে অপেক্ষা করতে থাকেন।

হঠাৎ করেই মাথা ঘুরে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পড়ার শব্দ শুনে ইমাম নুরুল ইসলাম দ্রুত মসজিদে প্রবেশ করেন এবং অন্য মুসল্লিদের খবর দেন। মুসল্লিরা দ্রুত ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে আব্দুল ওয়াদুদ নামের এক মুসল্লি ফজরের আজান সম্পন্ন করেন। নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান এবং জানাজা শেষে দুপুরের দিকে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার এবং শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজান দেওয়ার পবিত্র মুহূর্তে মসজিদের ভেতরে একজন মুয়াজ্জিনের এমন আকস্মিক ইন্তেকালে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এএম