চার অপহৃত যুবক রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার, আটক ১

চার অপহৃত যুবককে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

উদ্ধার যুবকরা হলেন- টেকনাফের হ্নীলার বাসিন্দা  ছালামত উল্লাহ'র ছেলে হেলাল উদ্দিন (২১) আব্দুস ছালামের ছেলে মো. ইউনুস (২১) হোসেন আহমেদের ছেলে জসিম উদ্দিন (২১) ও বলি আহমেদের ছেলে খায়রুল আমিন (২১)।

আটক অপহরণকারী - হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের দুদু মিয়ার ছেলে মো. তারেক (২৩)। 

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে দুইটি টিম গঠন করে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপহৃত ৪ জন ভিকটিম হেলাল উদ্দিন, মো. ইউনুস,জসিম উদ্দিন, ও খায়রুল আমিনকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য মো. তারেককে আটক করা হয়।

ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।