কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটির জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের ছেলে হেলাল এবং পানছরি পাড়া একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৌলভী গফুরের পরিবার এবং পানছড়িপাড়া এলাকার আলী আহমদ প্রকাশ আলু গোলার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে আজ রোববার দুপুরে আলমগীর ও হারুনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আহমদ প্রকাশ আলু গোলার ছেলে তোফায়েল ও আলমগীর গুলি ছুড়লে হারুন ও হেলাল গুলিবিদ্ধ হন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাবরাং এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
