চাঁদার জন্য ফার্মেসিতে ঢুকে দোকানদারকে কোপানোর ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩

রাজধানীর পল্লবীর আদর্শনগর এলাকায় একটি ফার্মেসিতে ঢুকে দোকানদারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আতঙ্কে ৫ দিনেও ভুক্তভোগী থানায় অভিযোগ না করলেও ভিডিও ভাইরালের পর জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

সিসিটিভি ফুটেজ দেখে এবং ভিডিও ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জনি, মো. পারভেজ ও হারুন। এর মধ্যে অন্য একটি ঘটনায় অস্ত্রসহ জনি ও পারভেজকে বাউনিয়াবাঁধ এলাকা থেকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হারুনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় আদর্শনগরের ২২ তলা গার্মেন্টসের পেছনের আদনান ফার্মায় দুই লাখ টাকা চাঁদা দাবি করতে আসে কাশেম, বাবু ও তাদের সহযোগীরা। চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তার হাতে ২০টি সেলাই দিতে হয়। ঘটনার ভয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আফজাল হোসেন প্রথমে থানায় অভিযোগ না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ডিবি পুলিশের মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় শীর্ষ সন্ত্রাসী মামুন-মশিউর গ্রুপের অনুসারীরা জড়িত। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।