কিশোরগঞ্জে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদাণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি গ্যাসের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, মহিনন্দ বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন রাজিব মিয়া। তিনি বিশেষ আনলোডিং যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গোপনে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে দিতেন। পরে ওই সিলিন্ডারগুলো ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামে বিক্রি করতেন। এতে একদিকে বাড়তি সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত আয় করতেন তিনি, অন্যদিকে ক্রেতারা ১২ কেজির সিলিন্ডার মনে করে প্রতারিত হতেন।
গত মঙ্গলবার রাজিব মিয়া একইভাবে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। বিশেষ যন্ত্রের সাহায্যে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে পরে তা ক্রেতাদের কাছে বিক্রি করতেন।
ইউএনও জানান, আটকের পর রাজিব মিয়া স্বীকার করেছেন, একটি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেন। এভাবে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিলেন।
পরে ইউএনওর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।