নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ পরিবহনের গাড়ি চলাচলের কারণে রাস্তা ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান একটি ফিশারিতে মাছের চাষ করেছেন। মাছ বিক্রি করলে গাড়ি দিয়ে মাছ নিতে থাকলে রাস্তা ভেঙে যায় দাবি করে একই গ্রামের সুনু মিয়া বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে আহতদের মাঝে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়া (৪৫)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও ১৩ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।